প্রস্তাবিত চার উপ-শহরের জরিপ সম্পন্ন

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান বলেছেন, ২০২১ সালের মধ্যে সকলের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সারাদেশে ১২টি অধিদফতর বাসস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। রাজধানীর চারপাশে ৪টি স্যাটেলাইট সিটি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে এক লাখ লোকের মাথা গোঁজার ঠাঁই হবে। ইতিমধ্যেই প্রস্তাবিত স্যাটেলাইট সিটির জরিপ কাজ সম্পন্ন হয়েছে। উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। রবিবার মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজউক এক সময় দুর্গন্ধময় ছিল। গত ৪ বছরে রাজউকের অনেক ময়লা পরিষ্কার করে একে জনগণের সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ৩০ ফুট পানির নিচে জমি দেখিয়ে যারা চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে সর্বস্ব কেড়ে নেয় তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। তিনি সমাজবিরোধী ভূমি দস্যুদের সামাজিকভাবে বয়কট করারও আহবান জানান। তিনি বলেন, ভূমি দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে ২০১১ সালে আবাসন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এই বিধিমালা তৈরি করে আবাসন দুর্বৃত্তদের আইনের মধ্যে আনা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞদের নিয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কমিটি কাজ করছে। তিনি প্রাণহানি এড়াতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজমিস্ত্রীদের উপর নির্ভর না করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের পরামর্শ ও সহায়তা নিতে জনগণের প্রতি অনুরোধ জানান।