মিরসরাই-ফটিকছড়ি সড়কের ভগ্নদশা
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:২০
মিরসরাই-ফটিকছড়ি সড়কটি সংস্কারের অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটি সংস্কার করা হলে মিরসরাইয়ের সাথে ফটিকছড়ি উপজেলার যোগাযোগ যেমন সহজ হতো তেমনি দুই উপজেলার মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতো। সড়কটি যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় দীর্ঘ পথ মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। মিরসরাই থেকে ফটিকছড়ি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারের পাহাড়ি সড়কটি দুই উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয়েছিল।
মানুষ ফটিকছড়ি কিংবা মিরসরাই যাতায়াতের জন্য করেরহাট ও চট্টগ্রাম শহর দিয়ে না ঘুরে সহজে এই সড়ক ব্যবহার করত। কিন্তু গত বছর বর্ষা মৌসুমে মিরসরাই সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে দোচাইল্লা নামক স্থানে বিশাল ওই পাহাড়টির অর্ধেক অংশ ধসে মিরসরাই-ফটিকছড়ি সড়কের উপর আছড়ে পড়ে। এরপর থেকে ওই সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া জানান, মিরসরাই-ফটিকছড়ি সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক। এক সময় জেলা মহাসড়ক প্রকল্পের অধীনে সড়কটির কাজ চলছিল। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগে প্রকল্পটি শেষ হয়ে যায়। অন্য একটি প্রকল্পের আওতায় সড়কটির বাকি কাজ করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।