বাসাইলে ডাক্তারের ভুলে হরিণের মৃত্যু
বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:২১
গত রবিবার টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ভুল চিকিত্সায় মা হরিণের মৃত্যু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক আবুল কালাম মোস্তফা লাবু বাসাইল উপজেলার দাপনাজোড় গ্রামে সরকারি অনুমোদন নিয়ে ব্যক্তিগত উদ্যোগে চিত্রা হরিণের খামার স্থাপন করেন। তার খামারে ৬টি হরিণ ছিল। জানা যায়, দু’দিন আগে গর্ভবতী একটি হরিণের পা ভেঙ্গে যায়। বাসাইল প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন মোহাম্মদ হীরা মিয়া রবিবার বেলা ১১টার দিকে দাপনাজোড় হরিণের খামারে আসেন আহত হরিণের চিকিত্সা দিতে। ভাঙ্গা পায়ে প্লাস্টার করার পর ৪০ লাখ মাত্রার একটি পেনিসিলিন ইনজেকশন প্রয়োগ করেন। এতে সাথে সাথেই হরিণের মৃত্যু হয়।