সংবাদ সংক্ষেপ

গোবিন্দগঞ্জে মতবিনিময় সভা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবহেলিত নারীদের অধিকার আদায়, জেন্ডার সমতা প্রতিষ্ঠাতা ও সরকারি-বেসরকারি সেবা নিশ্চিত করা লক্ষ্যে গতকাল সোমবার ব্র্যাকের উদ্যোগে আয়োজিত সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কোচশহরে অনুষ্ঠিত মতবিনিময় সভা শিবপুর ইউপি চেয়ারম্যান তোহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ব্র্যাক পজীসন-এর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মশিউর রহমান, গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি গোপাল মোহন্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমার বাবলু। কিশোরগঞ্জে নেশার ইনজেকশনসহ দম্পতি গ্রেফতার কিশোরগঞ্জ প্রতিনিধি\ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেশাজাতীয় ইনজেকশনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। এরা হলো শোয়েব কাজী ওরফে কাজী সুমন ও তার স্ত্রী আয়েশা আক্তার। তারা দীর্ঘদিন ধরে শহরের খড়মপট্টি এলাকায় বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে মাদ্রকদ্রব্যের ব্যবসা করে আসছিল। ইন্সপেক্টর মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত একটি রেইডিং পার্টি গতকাল সোমবার তাদের বাসায় অভিযান চালিয়ে ১৩৫ পিস বুপ্রেনরপাইন ও ৫৫ পিস সেডিল ইনজেকশন আটক ও উক্ত দম্পতিকে গ্রেফতার করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হোমনায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি শারমিন ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, টিও মো. ওবায়দুল কবির খান প্রমুখ। কুমিল্লায় ক্রিকেট দলের প্রশিক্ষণ শুরু কুমিল্লা প্রতিনিধি\ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কুমিল্লা জেলা ক্রিকেট দলের প্রশিক্ষণ। ৩৩তম জাতীয় ক্রিকেটে অংশ নিতে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট জেলা দলের সকল খেলোয়াড়দের মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ম্যানেজার সৈয়দ নাদেরউজ্জামান। মোরেলগঞ্জে পোস্টারসহ হেফাজত কর্মী গ্রেফতার মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা\ বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়ন থেকে গতকাল সোমবার পোস্টারসহ ৪ হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকারীরা হলো দোনা গ্রামের আলী আকবর, একই গ্রামের আরিফুল ইসলাম, আমবাড়িয়া গ্রামের আব্দুল শুকুর, কালিকাবাড়ি গ্রামের কাওছার হোসেন। ঢাকায় হেফাজতের সমাবেশে পুলিশ গণহত্যা করেছে এ সংক্রান্ত পোস্টার লাগানোর খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। মেলান্দহে প্রতিবন্ধী বিষয়ক কর্মশালা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা\ জামালপুরের মেলান্দহে প্রতিবন্ধীদের জরিপ শীর্ষক একদিনের কর্মশালা সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। কৃষি কর্মকর্তা হাসান ইমাম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান হায়দার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াসউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, ইউপি চেয়ারম্যান ও জাপা সভাপতি আলহাজ্ব কিসমত পাশা, বিবিএস-এর নির্বাহী পরিচালক ইউসুফ আলী, ইউপি মেম্বার আব্দুল হালিম, সুজাউদ্দৌলা, আসমা প্রমুখ। চাটখিলে মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো. চাহেল তস্তরী রবিবার তার কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ জুন, ১০ জুন যাচাই বাছাই, ১৩ জুন মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বণ্টন এবং ২৯ জুন নির্বাচন অনুষ্ঠিত। মিরপুরে পিস্তলসহ যুবক আটক মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মামুন নামের এক যুবককে আটক করেছে র্যাব-১২ এর একটি দল। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মঈন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সিরাজদিখানে এডভোকেসী সভা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধমূলক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের বিভিন্নস্তরের মহিলা, পুরুষ, ডাক্তার, সাংবাদিক অংশগ্রহণ করেন। স্বাস্থ্য শিক্ষাব্যুরো বাস্তবায়নে “সার্প” সমাজকল্যাণ সংস্থা আয়োজিত এডভোকেসী সভার প্রতিনিধিত্ব করেন “সমাজ পরিবর্তন কেন্দ্রের” নির্বাহী পরিচালক এডভোকেট এলিজা রাহী। আড়াইহাজারে কোরআন শিক্ষা কোর্স সমাপ্ত গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে অত্যাধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল সোমবার উপজেলার জালাকান্দিতে সমাপ্ত হয়েছে। শিক্ষক নেতা মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ফেয়ার সোসাইটির সভাপতি ও সমাজসেবক আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন বি এম রুহুল আমিন, সাজোয়ার হোসেন, নুরুল আমিন, মো. কামরুল ইসলাম, কবির হোসেন প্রমুখ। নেত্রকোনায় ফরমালিনমুক্ত বাজার করতে কমিটি নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলার সকল বাজারকে ফরমালিনমুক্ত করতে জেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে এবং মনিটরিং কমিটি ও প্রচার সেল গঠন করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটিগুলো গঠন করা হয়। নেত্রকোনা সদর, আটপাড়া এবং বারহাট্টা উপজেলাকে নিয়ে জোন-১ গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ সোমবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁঠালতলা এলাকায় ভৈরবগামী কটিয়াদী হাইওয়ে পুলিশ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৪ জন আহত হয়। ঘাটাইলে ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ উপজেলার ৩ নং জামুরিয়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে কর্ণা গ্রামে নির্মিত নতুন ভূমি অফিস উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান সামু। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটর সাইকেল ছিনতাই মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর শহরের উপকণ্ঠে ব্র্যাক অফিসের কাছে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রবিবার রাতে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে ৪ জনকে বেদম প্রহারে আহত করে এবং মোটর সাইকেল ও নগদ টাকাসহ ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় । ইসলামপুরে জাতীয় পার্টির সম্মেলন ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ রবিবার ইসলামপুর উপজেলা শাখা জাতীয় পার্টির উদ্যোগে শ্রমিক পার্টি ও মহিলা পার্টির ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন বিশাল র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডলপাড়া পার্টি কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম (চিশতী)। নোয়াখালীতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী জেলা শহর মাইজদীর পূর্ব লক্ষ্মীনারায়ণপুরে গত ২৯ মে প্রকাশ্য দিবালোকে বাবা-মার সামনে রাসেল (২৭) নামের এক যুবকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার শহরে বিক্ষোভ মিছিল করে কয়েকশ এলাকাবাসী । পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। কালীগঞ্জে সাঁকো ভেঙ্গে শিশু নিহত কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কালীগঞ্জের তৈলকুপী গ্রামে নদীর উপর বাঁশের সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে জুইন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তৈলকুপী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। রবিবার জুইন অন্য বন্ধুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী ব্যাঙ নদীর একটি বাঁশের সাঁকোর উপর খেলা করছিল। এ সময় সাঁকো ভেঙ্গে পানিতে পড়ে ডুবে মারা যায়। নড়াইলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান নড়াইল প্রতিনিধি \ নড়াইলে রচনা ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। সরকারি গণ-গ্রন্থাগারের আয়োজনে রবিবার নড়াইল সরকারি গণ-গ্রন্থাগার মিলনায়তনে স্কুল-কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী, জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র দাস। সোনাতলায় দুর্যোগ মোকাবেলার উপকরণ বিতরণ সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোনাতলায় জিবিএস’র সহযোগিতায় ও সৌহার্দ্য-২ কর্মসূচি কেয়ার বাংলাদেশের বাস্তবায়নে উপজেলার মধুপুর, পাকুল্যা, জোড়গাছা ও তেকানি চুকাইনগর ইউনিয়নবাসীর জন্য দুর্যোগ উদ্ধার কাজের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন। চরভদ্রাসনে উপবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের ২য় পর্যায়ের প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির আটক মানিকগঞ্জ প্রতিনিধি \ মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার সকালে শহরের বেউথা এলাকা থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বেউথা এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। পঞ্চগড়ে নির্যাতন প্রতিরোধে সেমিনার পঞ্চগড় প্রতিনিধি \ পারিবারিক নির্যাতন প্রতিরোধে আইনের ভূমিকা শীর্ষক সেমিনার রবিবার পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। পল্লী শ্রী দিনাজপুর ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে স্থ্যানীয় উদ্যোগ প্রকল্পের আওতায় বিকাশ বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে। জেলা শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অলিয়ার রহমান। বক্তব্য দেন বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এ প্রধান। রাজারহাটে বিদ্যানন্দ ইউপির বাজেট ঘোষণা রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে ওই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবুল হাশেম। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান। উল্লাপাড়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রবিবার উল্লাপাড়া রেল ক্রসিংয়ের পাশে ছিনতাইয়ের সময় পথচারীরা ছিনতাইকারী জাহিদ, পিতা- মোক্তার হোসেন ও রিপন, পিতা- সমাজ নামের দুইজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশের কাছে জাহিদ স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই চক্রের সাথে জড়িত আরো পাঁচজনের প্রকাশ করে। রামুতে খুনের অভিযোগে চার রোহিঙ্গা আটক রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে এক যুবককে খুন করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত নুরুল আজিম ঈদগড় কোনার পাড়া গ্রামের আবু ছৈয়দের ছেলে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার চার মিয়ানমার নাগরিককে ?(রোহিঙ্গা) আটক করেছে পুলিশ। তারা হলো হামিদ হোছেন, মো. সলিম, মরিয়ম খাতুন ও জুবায়ের। এরা সকলেই মিয়ানমারের আকিয়াব জেলার বুচিডং এলাকার বাসিন্দা এবং ঈদগড়ের একটি ?রাবার বাগানে কর্মচারী। কুমিল্লায় রাজমিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় হোলসিম সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রী ও ঠিকাদারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমিল্লা জোন ইনচার্জ জামশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হোলসিম কোম্পানীর কাস্টমার কেয়ার শাখার ভাইস-প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন খন্দকার।