রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াতের অর্ধদিবস হরতাল আজ
রাজশাহী অফিস ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫২
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির, জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে শহরের বেলেপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলামের গ্রেফতারের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জামায়াত। তবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের কারণে রাজশাহী মহানগর এলাকাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি বজলুর রশিদ জানান, রফিকুল ইসলামকে বেলেপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এদিকে গতকাল ই-মেইলে পাঠানো জামায়াতের রাজশাহী জোনের প্রচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিভাগের সকল জেলা আমিরের সিদ্ধান্তের আলোকে বিভাগের আট জেলায় মঙ্গলবার সকাল থেকে দুপর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হলো। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক রফিকুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।