বাংলাদেশি পণ্যে আরো দশ বছর জিপিটি সুবিধা দেবে কানাডা
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫২
অবশেষে কানাডায় জিপিটি (জেনারেল প্রিফারেন্সিয়াল ট্যারিফ) সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকে বাদ পড়ার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশ। এর ফলে দেশটিতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জিপিটি সুবিধা বহাল রইলো। এই সুবিধা আরো ১০ বছর অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কানাডায় বাংলাদেশের হাইকমিশনার কামরুল হাসান। গত রবিবার টরেন্টোর এক হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এই তথ্য জানান।
হাইকমিশনার কামরুল হাসান ইত্তেফাককে জানান, ‘কানাডা সরকার তাদের ‘রুলস অব অরিজিন’ সংশোধন করে বাংলাদেশের জন্য আগের মতোই জিপিটি সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশটিতে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক রপ্তানি আরো বৃদ্ধি পাবে।’
হাইকমিশনার আরো জানান, টরন্টোতে বাংলাদেশের কন্স্যুলার অফিস খোলার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। তবে তা সময় সাপেক্ষ ব্যাপার।
প্রসঙ্গত, ভারত, চীনসহ ৭২টি দেশের জিপিটি সুবিধা বাতিল করতে যাচ্ছে কানাডা সরকার। ওই তালিকায় প্রথমদিকে বাংলাদেশ থাকলেও পরে বাদ দেয়া হয়।
জানা গেছে, বাংলাদেশ জিপিটি সুবিধা নিয়ে প্রতি বছর কানাডার বাজারে ৮ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি করছে। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ প্রায় ৭ হাজার ৫শ’ কোটি টাকা।