শাপলা চত্বরের অভিযান নিয়ে আমরা গর্বিত
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫৩
পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, গত পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অভিযানের ব্যাপারে তিনি গর্বিত ও আস্থাশীল। জনস্বার্থ হচ্ছে পুলিশের এক নম্বর দায়িত্ব। সেদিন পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত এক সংলাপের প্রশ্নোত্তর পর্বে অতিথিদের মধ্যে থেকে কেউ কেউ অভিযানের বিষয়ে প্রশ্ন তুললে তার জবাবে আইজিপি এ কথা বলেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জনমতের ভিত্তিতে পুলিশিং’ শীর্ষক সংলাপে চিফ মডারেটরের দায়িত্ব পালন করেন সাবেক আইজিপি ও রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ড. এনামুল হক। প্যানেল আলোচনায় অংশ নেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পীস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার মো. এ আরাফাত এবং জাতীয় শিশু অধিকার সংগঠন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না।
আলোচনায় পুলিশ মহাপরিদর্শক আরো বলেন, পুলিশ বাহিনী বর্তমানে গোল কিপারের ভূমিকায় রয়েছে। গোল হলেই পুলিশের ঘাড়ে দোষ পড়ে। ট্রাফিক ব্যবস্থাপনা, ছিনতাই রোধ, অপরাধ দমনসহ সমাজের বিশৃংখলা প্রতিরোধের দায়িত্ব একা পুলিশের নয়। এটি একটি টিমওয়ার্ক। টিমের অন্য সদস্যদেরও এ ব্যাপারে ভূমিকা রয়েছে। তাই যে কোনো বিষয়ে শুধু পুলিশকে দোষ দেয়া যাবে না। পুলিশ স্টাফ কলেজ ও রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।