সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫৪
বকেয়া বেতন পরিশোধ, ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধসহ কারখানা খুলে দেয়ার দাবিতে সাভারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।
গতকাল সোমবার সকালে আশুলিয়ার আউকপাড়া এলাকার ডাইনেস্টি গ্রুপের তিনটি কারখানার প্রায় তিন হাজার শ্রমিক এসব দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে। এসময় শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দিলে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল পৌনে ১০টায় মিছিল নিয়ে দুই কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে তারা মহাসড়কে বসে পড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করে। শ্রমিকদের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এক পর্যায়ে পুলিশ পিছু হটে। শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। উভয়পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।
এদিকে, সড়ক অবরোধের প্রায় একঘণ্টা পর থানা পুলিশ ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে বসে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। অপরদিকে, আশুলিয়ার জামগড়া এলাকার আইডিএস ফ্যাশনের শ্রমিকরাও একই দাবিতে সকালে কারখানার সামনে বিক্ষোভের চেষ্টা করলে শিল্প পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আউকপাড়া এলাকার ডাইনেস্টি গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ শুরু করে।