এসএসএফ ও পুলিশকে সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণ দিল যুক্তরাষ্ট্র

সম্প্রতি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পুলিশ কর্মকর্তাদের সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। নয় দিনব্যাপী কৌশলগত ব্যবস্থাপনা ও বিশেষ অবস্থা বিষয়ক সন্ত্রাস বিরোধী সহায়তা শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার শেষ হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের সন্ত্রাস বিরোধী সহায়তা (এটিএ) কর্মসূচি ও দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা দফতরের মাধ্যমে প্রশিক্ষণটি পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত হয়। পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি নাজমুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা জেসন উইলিয়ামস ও বাংলাদেশ পুলিশের অন্য কর্মকর্তারা সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দফতরের কূটনৈতিক নিরাপত্তা ব্যুরোর তত্ত্বাবধানে প্রশিক্ষণটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রশিক্ষকরা পরিচালনা করেন। গতকাল সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণটির লক্ষ্য সম্পর্কে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা জেসন উইলিয়ামস বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ঘটনা-পরবর্তী করণীয়, গ্রেফতার প্রক্রিয়া, ফলাফল ব্যবস্থাপনা, ক্ষেত্রবিশেষ প্রশিক্ষণ, নজরদারি, কৌশলগত সাড়া, সম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা পর্যালোচনা ও একীভূত নির্দেশ, নিয়ন্ত্রণ সম্বন্ধে জানতে এবং এগুলোর ব্যবহারে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকার সামর্থ্য উন্নয়নে কাজ করছে। চলতি বছরে মার্কিন দূতাবাস, বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারির ভিত্তিতে সন্ত্রাস বিরোধী বেশ কিছু সহায়তা প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা করছে বলে জেসন জানান।