হাওর এলাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

সিলেট অফিস

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ডের কাজের গতি আগের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে চলছে। মন্ত্রী বলেন, হাওর এলাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য সরকার ৫০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, আমরা বাড়ি বাড়ি টিউবওয়েল দেব, ল্যাট্রিন দেব।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় যার জমি আছে ঘর নেই, তার নিজ বাড়িতে গৃহনির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন ভুঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বরাদ্দপ্রাপ্ত ১৬২টি ঘরের মধ্যে ১৪৫টি পরিবারের মধ্যে প্রকল্পের আওতাভুক্ত নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়। অবশিষ্ট ১৭টি ঘরের কাজ দ্রুতই শেষ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।