পিরোজপুর ডায়াবেটিক সমিতি :যার অবদান জেলার বাইরেও
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২৩:৫৮
পিরোজপুর শহরে ডায়াবেটিক রোগীদের যে সেবার সুযোগ বিদ্যমান তা দক্ষিণাঞ্চলে ইতিমধ্যে সবার দৃষ্টি কেড়েছে। ‘শৃঙ্খলাই জীবন’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২৫ বছরের বেশি সময় ধরে ডায়াবেটিস রোগের চিকিত্সায়রত এ প্রতিষ্ঠানটি। প্রখ্যাত চিকিত্সাবিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রায় স্বাভাবিক কর্মময় জীবন-যাপনের পদ্ধতির প্রবর্তন করে গেছেন। যার বাস্তবায়নে সারা বাংলাদেশে স্থাপিত অর্ধশতাধিক সমিতির অন্যতম পিরোজপুর ডায়াবেটিক সমিতি। অধ্যাপক ইব্রাহিমের দীর্ঘদিনের সহচর পিরোজপুরের সন্তান ডাঃ হাবিবুর রহমান স্থানীয় কয়েকজন সমাজকর্মীকে নিয়ে ১৯৮৮ সালে পিরোজপুর শহরের মাতৃসদন সড়কে ভাড়া করা বাড়িতে সূচনা করেন পিরোজপুর ডায়াবেটিক সমিতির যাত্রা। স্থানীয় সেবা মনস্ক সরকারি প্রশাসক, সমাজ হিতৈষী ব্যক্তি ও দানশীল ব্যক্তি তথা সমাজসেবী মানুষের সহায়তায় তিলে তিলে গড়ে উঠেছে এ প্রতিষ্ঠান। ২০০০ সালে পিরোজপুরের এক সমাজসেবী আলহাজ্ব আসমত আলী খানের ছেলে জসীমউদ্দিন খান বাইপাস সড়কের পাশে ৫২ শতাংশ জমি দান করেন। ২০০৯ সালে সমিতির তহবিল থেকে সেখানে একটি টিনশেড বিল্ডিং নির্মাণ করা হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে একজন কন্সালটেন্ট ও তিনজন ডাক্তারসহ মোট ২৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। ২৭ জনের একটি কার্যনির্বাহী কমিটি নিয়ে এ প্রতিষ্ঠানটি ৮১ জন আজীবন ও দাতা সদস্য দ্বারা পরিচালিত হয়। বর্তমানে সমিতির নিবন্ধনকৃত রোগীর সংখ্যা প্রায় ৯০০০। নিবন্ধনকৃত রোগীরা নামমাত্র ৩০ টাকা ফি দিয়ে প্রতিদিন সেবা নিচ্ছেন এখান থেকে। এ তত্পরতা জেলার ভৌগোলিক এলাকায়ই সীমাবদ্ধ নয়, পিরোজপুর ছাড়াও বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, গোপালগঞ্জ, বরিশাল জেলার অনেক বাসিন্দা এ সমিতির চিকিত্সা সেবা নিয়ে থাকেন। সমিতি এসব রোগীর নিয়মিত চিকিত্সা ছাড়াও অন্যান্য অসংখ্য রোগীকে চিকিত্সা সহায়তা দিয়ে প্রতিষ্ঠানের কর্মীরা স্বাস্থ্য কার্যক্রমে কার্যকরী অবদান রাখছেন। এখানে রয়েছে কক্ষ সংকট। দিন দিন ডায়াবেটিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে রোগীদের বসার ব্যবস্থা করতে বেগ পেতে হয় কর্তৃপক্ষের। ২০০১ সালের মে মাসে বহির্বিভাগের পাশাপাশি প্রতিষ্ঠিত হয় সমিতির অন্তর্বিভাগ ১০ শয্যা বিশিষ্ট আলহাজ্ব আসমত আলী খান ডায়াবেটিক হাসপাতাল। এর উদ্বোধন করেন তত্কালীন সরকারের স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বর্তমানে একটি ভাড়া বাড়িতে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। পিরোজপুরের বিশিষ্ট সমাজসেবীদের সমন্বয় গঠিত নির্বাহী কমিটিতে রয়েছেন অ্যাডভোকেট এম এ মান্নান-সভাপতি, অ্যাডভোকেট আলী আহম্মদ খান মিলু, ডাঃ আব্দুস সালাম ও অধ্যাপক হোসনে আরা সুলতানা- সহসভাপতি, ডাঃ হাবিবুর রহমান-সাধারণ সম্পাদক, মোঃ মুনিরুজ্জামান নাসিম ও অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ-যুগ্ম সম্পাদক এবং এম এ রব্বানী ফিরোজ-কোষাধ্যক্ষ।