স্টাফ রিপোর্টার, রাজশাহী
অবশেষে রাজশাহী-ঢাকা-রাজশাহী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের টিকেটের সাথে বাধ্যতামূলক খাবারের মূল্য আদায়ের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আগামী ১৮ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী খাবারের দাম বাদ দিয়ে এসি চেয়ারে ভাড়া ৭২৫ এবং শোভন চেয়ারের ভাড়া ৩৭৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পশ্চিমাঞ্চল রেল কর্মকর্তারা জানান, শুরু থেকে বনলতা এক্সপ্রেসের টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের মূল্য বাবদ ১৫০ টাকা করে আদায় করা হচ্ছিল। কিন্তু খাবারে দেওয়া হচ্ছিল একটি করে সিঙ্গাড়া, বার্গার, আপেল, এক পিস কেক ও ৫শ মিলিলিটারের এক বোতল পানি। এছাড়া খাবারের মান নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। ফলে খাবার বাধ্যতামূলক না করে চাহিদাভিত্তিক সরবরাহ করার দাবি ছিল। এ অবস্থায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২(সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টিকেটের সঙ্গে খাবারের দাম বাধ্যতামূলক কেটে রাখার সিদ্ধান্ত বাতিলের জন্য রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং চিঠি দেন। এর প্রেক্ষিতে রেলওয়ে বাধ্যতামূলক খাবার বাতিলের সিদ্ধান্ত নেয় বলে পশ্চিমাঞ্চল রেল কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ২৭ এপ্রিল বাণিজ্যিক যাত্রা শুরু করে বিরতিহীন বনলতা এক্সপ্রেস। শুরু থেকে এর টিকিটের সঙ্গে ১৫০ টাকা খাবারের দাম কেটে রাখা হচ্ছিল।