সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় জুই নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, জুইকে পানিতে চুবিয়ে তার মামাতো বোন সুরজিনা খাতুন হত্যা করেছে। নিহত জুই উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের রামনগর গ্রামের হারেজ আলীর কন্যা। সে পাচুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।পালিয়ে যাওয়ার পথে সিংড়া বাসস্ট্যান্ড থেকে সুরজিনাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই পলাশ জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে সুরজিনা। এতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অর্থের কারণে হত্যার কথা স্বীকার করেছে। তবে কোর্টে জবানবন্দি রেকর্ড করা হবে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম ও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।