যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

স্বপ্নবাজদের একদিন

ঘুমহীন রাত। বিরামহীন কাজ। কারো হাতে রং-তুলি। আবার কারো হাতে লাল-নীল-বেগুনি কাগজ। রাত-দিন কাজ আর বন্ধুদের আড্ডায় আগামী দিনগুলো ভেবে রঙিন স্বপ্নের পেইন্টিং। পেইন্টিংয়ে সংবাদ আর সাংবাদিকের শক্ত বাঁধনে আবদ্ধ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬তম ব্যাচ। আগামী সময়ের সংবাদকে যারা মুষ্টিবদ্ধ করে সংবাদপএ কিংবা টিভিতে সারাক্ষণ মুগ্ধ করে রাখবে। তাদের ক্লাস পার্টি। শিক্ষক ও ছাত্রের সাম্যবাদী পথচলার মুহূর্তকে স্মরণীয় করার প্রত্যয়ে কেক কেটে উদ্বোধন করেছেন বিভাগের সভাপতি মোরশেদুল ইসলাম। দোল খাওয়া রঙিন বেলুন আর স্বপ্নবাজ তরুণদের হাত তালিতে মুখরিত হয়েছিল সমাজ বিজ্ঞান অনুষদের ৫তলা। স্যারদের প্রত্যয়দিপ্ত আলাপের পরে শুরু হল সাংস্কৃতিক অনুষ্ঠান। একের পর এক গান, নাচ, কৌতুক, নাটক ও কবিতা আবৃত্তি। যারা কোনদিন এর আগে কোনকালে মহাকালের পথে হাঁটেনি তারাই অনুষ্ঠানকে মহাকালের পথে ভাসিয়েছে! মঞ্চে উদ্ভাসিত হল চট্টগ্রামের আঞ্চলিক গান, রবীন্দ্র সঙ্গীত, বাউলগান। পরিবেশিত হল নাটক চেয়ারম্যান ও তার বোকা কাজের ছেলে, কন্যাদান। সবার অংশগ্রহণে আইটেম গানের নৃত্য। ক্যামেরার ফ্লাশ লাইটের আলোয় আলোকিত জীবনের প্রত্যয়ে শক্ত বাঁধনের ফটোগ্রাফি অংকিত হল এবং স্মৃতির ভাণ্ডারে জমা হল আরো একটি মুহূর্ত।