গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

গিনেজের পাতায় পাতায় যে কত বিচিত্র রকমের রেকর্ড ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই। আর এমনই এক বিচিত্র রেকর্ড হিসেবে মাথায় রাখতে পারেন আজকের এই রেকর্ডটির কথাও। মাত্র কিছুদিন আগেই আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যের ওয়াল্টসে অবস্থিত ওয়াল্টস পাবলিক স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একসাথে সবচেয়ে বেশি মানুষের ট্রেন হুইসেল বাজানোর এই রেকর্ডটি গড়েন। মূলত ট্রেন ছাড়ার সময় গার্ডরা যে ধরনের হুইসেল বাঁশি বাজিয়ে থাকেন সেই হুইসেল বাঁশিই এদিন একসাথে বাজান সবমিলিয়ে ৩৯৬ জন শিক্ষার্থী। স্কুলের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল মাস্কটে থাকা ট্রেন ইঞ্জিনিয়ারের কথা স্মরণ করিয়ে দিতেই এই অভিনব রেকর্ড গড়া প্রচেষ্টা।