বিক্ষোভকারীদের প্রতি ট্রেড ইউনিয়নসমূহের সমর্থন
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:০৬
তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দুইদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সেদেশের ১১টি ট্রেড ইউনিয়নের একটি সংগঠন। বামপন্থী ‘কেস্ক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন’ এই ধর্মঘটের ডাক দেয়। তাদের প্রায় আড়াই লাখ শ্রমিক এই ধর্মঘটে শামিল হয়েছে। সরকারের দমননীতিকে তারা ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। এদিকে দেশটিতে চতুর্থ দিনের মতো সহিংসতা চলছে। এতে এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় শহর আন্তাকায় দ্বিতীয় ঘটনাটি ঘটে।
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট আজ বুধবার পর্যন্ত চলবে। ধর্মঘটের প্রথম দিনে বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। এ সময় অনেক স্থানে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিসে লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। এক বিবৃতিতে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে এই ধর্মঘট ডেকেছে। তারা চায় শান্তিপূর্ণ উপায়ে এর প্রতিবাদ জানাতে। কিন্তু সরকার যদি এতে বাধা দেয় তাহলে তারাও বসে থাকবে না। তারা সবাই সরকারের এই কর্মকাণ্ডকে হীন বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান। এরই মধ্যে এ সংঘাতে দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে আন্তাকা শহরে মাথায় গুলি লেগে আব্দুল¬াহ কমের্ট (২২) নামে এক বিক্ষোভকারী মারা গেছে। সোমবার রাতে হাত্যায়ে প্রদেশের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তবে সেখানকার প্রাদেশিক সরকার জানিয়েছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে সে মারা গেছে। অন্যদিকে নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করেছেন দেশটির প্রধান বিরোধী দল দ্যা রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সংসদ সদস্য হাসান অ্যাকগল। এছাড়া তুরস্কের ডাক্তারদের ইউনিয়ন বলেছে, রবিবার বিক্ষোভ চলাকালে বেপরোয়া গাড়ি চালিয়ে মেহমেত আইভালিটাস (২১) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে।