ডিসেম্বর নাগাদ প্রাইমারি স্কুলে ১৭ হাজার শিক্ষক নিয়োগ

চলতি বছরের শেষদিকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। এছাড়া নতুন অর্থবছরের মধ্যে পৃথকভাবে আরও সাত হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়া হবে। আগামী শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ৩০ কোটি ১০ লাখের বেশি বই বিতরণ করা হবে। আর ছাত্র-ছাত্রীর সংখ্যা হবে প্রায় পৌনে চার কোটি। দেশে ২৫টি বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শাখা থাকলেও তাদের কার্যক্রম চালানোর ব্যাপারে মন্ত্রণালয়ের কোন অনুমোদন নেই। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে এসব তথ্য সংসদকে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফসারুল আমিন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস শুরু হয় বিকাল সোয়া ৫টায়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমেই প্রশ্নোত্তর পর্বে দুই মন্ত্রী সংসদকে এসব কথা বলেন। সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সংসদকে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রধান শিক্ষক পদে দুই হাজার ৮৯ জন এবং প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সহকারি শিক্ষক পদে প্রায় ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়া হবে। এছাড়া আগামী অর্থবছরের মধ্যে আরও প্রায় সাত হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। অপরদিকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ৭১ হাজার ২৫৬ জন শিক্ষক নিয়োগ দিয়েছে। এদের মধ্যে প্রধান শিক্ষক এক হাজার ৮৫২ জন এবং সহকারি শিক্ষক ৬৯ হাজার ৪০৪ জন। মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। তাছাড়া সহকারি শিক্ষকদের শ্রেণি পরিবর্তনের বিষয়টি আপাতত সরকারের বিবেচনায় নেই। বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১১ সালের সার্ভে অনুযায়ী দেশে সাক্ষরতার হার শতকরা ৫৯ দশমিক ৮২ ভাগ। এ হার ২০০৮ সালে ছিল শতকরা ৪৮ দশমিক আট ভাগ। অর্থাত্ বর্তমান সরকারের সময় সাক্ষরতার হার বেড়েছে শতকরা ১১ দশমিক ৭৪ ভাগ। নতুন বছরে ৩০ কোটি বই বিতরণ :সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এদিকে ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৩০ কোটি ১০ লাখ ২৮ হাজার ৫৩টি বই বিতরণ করা হবে। মোসাম্মত্ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শাখা চিহ্নিত করতে মন্ত্রণালয় থেকে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়। সমপ্রতি কমিটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে। এতে বলা হয় বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ২৫টি বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শাখা। এ সমস্ত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বাংলাদেশে পরিচালিত কার্যক্রমের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি’র কোন অনুমোদন নেই। রাজধানীতে অনুমোদনবিহীন বাড়ি :মোছাম্মত্ ফরিদা আখতারের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান জানান, রাজধানীতে রাজউকের আওতায় অনুমোদনবিহীন ও অনুমোদনের ব্যত্যয় করে নির্মাণ করা বাড়ির তালিকা রাজউক প্রণয়ন করেছে। এতে প্রায় পাঁচ হাজার বাড়ির তালিকা রয়েছে। এসব বাড়ি থেকে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো পর্যায়ক্রমে অপসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাপর বাড়ির মালিকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। একই বিষয়ে মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাভারে রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার পর হাইকোর্টের নির্দেশে রাজউক এলাকায় বুয়েটের প্রতিনিধি ও রাজউকের প্রকৌশলীদের সমন্বয়ে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা শুরু করেছে। বেগম নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি ব্যবস্থাপনায় উপজেলাভিত্তিক আবাসন প্রকল্প গ্রহণের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভিন্ন উপজেলায় অর্ধ শতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে।