সাতক্ষীরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হাসান সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনে ছাদ ঢালাইয়ের সময় নাজমুল অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।