নালিতাবাড়ীতে বন্য হাতির তাণ্ডবে ৯ বাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকায় বোরো ধান কাটা প্রায় শেষ হয়ে এসেছে। এমন অবস্থায় বন্যহাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে বাড়ি-ঘরে হানা দিচ্ছে। জমিতে খাবার না পেয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে গোলার ধান-চাল সাবাড় করছে। এসময় প্রাণহানির মত ঘটনাও ঘটে। এদিকে অসহায় মানুষগুলোর রাতের ঘুম হারাম হয়ে গেছে। হালুয়াঘাট রংঘনপাড়া নালিতাবাড়ীর ডালুকোনা এলাকায় ২ দিনে বন্যহাতির আক্রমণে ৫টি পরিবারের ৯টি ঘর-বাড়ি ভাংচুর করেছে বন্যহাতির দল। এলাকাবাসী ও আদিবাসী কল্যাণ সংগঠন সূত্র জানায়, গভীর রাতে বন্যহাতির দল নালিতাবাড়ী সীমান্ত এলাকা পার হয়ে রংঘনপাড়ার পাহাড়ী অঞ্চলে আদিবাসীদের বাড়ি-ঘরে আক্রমণ করে। এসময় পারবতী দিব্রার ২টি ঘর, আর্নিকা চাম্বুু গংয়ের ২টি, ডালুকোনার এলর্বাট গারোর একটি, এদমনি চাম্বুগংয়ের ২টিসহ আবুল কালামের ১টি ঘর ভাংচুর করে। এমতাবস্থায় অসহায় পাহাড়ি মানুষগুলো নির্ঘুম রাত কাটাচ্ছে।