গফরগাঁওয়ে পুলিশী নির্যাতনে আওয়ামী লীগ নেতার মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:৩৩
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গাভীশিমুল বাজারে গত সোমবার সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহরাব উদ্দিন (৬০) নিহত হয়েছে। জামিনপ্রাপ্ত এক আসামির কাছ থেকে ঘুষ না পেয়ে আসামিকে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নেয়ার চেষ্টাকালে এ ঘটনার প্রতিবাদ করায় পাগলা থানার এসআই মুনাহারের নির্যাতনে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার লাশ বাজারের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান ওই এসআই। এ ঘটনায় অভিযুক্ত এসআইকে ক্লোজ করা হয়েছে। পাগলা থানার এসআই মুনাহার গাভীশিমুল গ্রামের খোকন মিয়ার কাছে ‘মামলা ফয়সালা’র জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। খোকন মিয়া ঘুষ দিতে অপরাগতা প্রকাশ করলে এসআই মুনাহার ও তার সঙ্গীয় কনেষ্টেবল আদালত থেকে এ মামলায় জামিনপ্রাপ্ত খোকন মিয়াকে হাতকড়া পরিয়ে থানায় নেয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে সোহরাব উদ্দিন প্রতিবাদ জানাতে গেলে এসআই মুনাহার তার হাতে থাকা লাঠি দিয়ে সোহরাব উদ্দিনের পেটে গুতা দেয় এবং পিটিয়ে ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঘটনাস্থলেই সোহরাব উদ্দিনের মৃত্যু হয়। গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এসআই মুনাহারকে ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।