চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে ইয়াবা ট্যাবলেটসহ আবদুল মালেক নামের ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের গেস্ট রুম থেকে তাকে আটক করা হয়। আবদুল মালেক মির্জাপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে আবদুল মালেক নামের ওই যুবক নিমাইচড়া ইউনিয়ন পরিষদের গেস্ট রুমে থাকতো। বৃহস্পতিবার গোপন সংবাদে পুলিশ হোটেল কক্ষে অভিযান চালিয়ে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতে মামলা হয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠনো হয়।
এ ব্যাপারে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খোকন বলেন, আবদুল মালেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর ছাত্রলীগ দু’টি ভাগে বিভক্ত হয়েছে। বসতঘর ভেঙে যাওয়ায় তাকে (মালেক) আমি ইউনিয়ন পরিষদের গেস্ট রুমে থাকতে দিয়েছিলাম। সে ষড়যন্ত্রের শিকার বলে মনে হচ্ছে। তবে জড়িত থাকলে আমি এর সঠিক বিচার চাই।