কক্সবাজারে চিকিত্সার নামে প্রতারণা

এক মহিলার কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা

চিকিত্সার নামে প্রতারণার দায়ে কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘আত্ম চেতনা মানবিক উন্নয়ন সংস্থা’র কথিত কর্মকর্তা রুবী আকতারকে (৩০) আটকের পর এক বছরের কারাদণ্ড এবং ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়। এসময় ওই প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলম জানান, প্রতারিত লোকজনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ হাতেনাতে ধরে রুবি আকতার নামের এক মহিলাকে এ দণ্ডাদেশ দেয়া হয়। এসময় ওই প্রতিষ্ঠানের কর্ণধার জয়সেন পালিয়ে যেতে সক্ষম হয়। ভ্রাম্যমাণ আদালতের দলে আরও ছিলেন কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডাক্তার আবদুস সালাম ও ওষুধ পরিদর্শক ইমরান প্রমুখ।