সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:৩৮
ডোমারে পাট চাষিদের প্রশিক্ষণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় শতাধিক পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার পাট উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাটবীজ উত্পাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালায় পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক সংগল চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বানারীপাড়া অগ্রণী ব্যাংকে অনলাইন চালু
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় অগ্রণী ব্যাংক শাখায় অনলাইন ব্যাংকিং চালু করা হয়েছে। সোমবার অগ্রণী ব্যাংক কার্যালয়ে অনলাইন ব্যাংকিং চালু উপলক্ষে ম্যানেজার উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের আইটি বিভাগের প্রিন্সিপাল অফিসার মোঃ হান্নান পাটোয়ারী, ফ্লোরা টেলিকমের প্রকৌশলী মেজবা উদ্দিন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
নড়িয়ায় প্রতিবন্ধি শনাক্তকরণ প্রশিক্ষণ
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী আঃ ওহাব বেপারী।
লোহাগাড়ায় শিক্ষক-অভিভাবক সমাবেশ
লাহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে গত সোমবার শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান।
গৌরনদীতে গাঁজা বিক্রেতার কারাদণ্ড
গৌরনদী (বরিশাল ) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী পৌরসভার দু’কর্মচারীসহ তিন গাঁজা বিক্রেতাকে সোমবার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওইদিনই তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
কমলগঞ্জে টিচার্স ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মণিপুরী মুসলিম টিচার্স ফোরাম শিক্ষা উপকরণ সোমবার তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তাড়াইল আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় রাজনীতিতে যে রেওয়াজ চালু আছে, সেই রেওয়াজ অনুসারেই সংবিধান মোতাবেক বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে গিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় যাবে।
মাদারগঞ্জে জাতীয় ভূমি জোনিং বিষয়ক কর্মশালা
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গতকাল সোমবার মাদারগঞ্জ উপজেলা হলরুমে জাতীয় ভূমি জোনিং প্রকল্প বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারভীর আহম্মেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উক্ত প্রকল্পের জাতীয় পরিচালক মো: আ: হাই। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ও এডিসি কবীর আল আসাদ।
গোমস্তাপুরে কৃষক প্রশিক্ষণ সমাপ্ত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাত \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষকদের নিয়ে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প (ডিএই অংশ) এর অধীনে ২ দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম।
বাঞ্ছারামপুরকে পৌরসভা ঘোষণায় আনন্দ মিছিল
বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাকে পৌরসভা ঘোষণা করায় মঙ্গলবার যুবলীগ নেতা এনামুল হক রিপনের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন । মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন এনামুল হক সরকার রিপন, মো. সেলিম ও মো. সোহাগ।
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং উত্সব
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার কমিউনিটি পুলিশং উত্সব উপলক্ষ্যে ইউএসএআইপি ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এবং যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)’র সহযোগিতায় বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। বিকেলে স্টেডিয়ামে আলোচনা অনুষ্ঠানে পুলিশ সুপার বশির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশং জেলা কমিটির সদস্য সচিব মহিত কুমার দাঁ, সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। উত্সবে পুলিশ, কমিউনিটি পূলিশিংয়ের সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা ১৬টি ক্ষাি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ছাতক পৌরসভার বাজেট ঘোষণা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতক পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়া সোমবার পৌরসভা কার্যালয়ে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বাজেটে আয় ২৩ কোটি ২ লক্ষ ৭১ হাজার ৮শ’ ১৬ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা।
গৌরনদীতে সাংবাদিক মাইগ্রেশন ফোরামের সভা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী প্রেসক্লাবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক মাইগ্রেশন ফোরামের মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্র্যাকের ইয়াং প্রফেশনাল এসএম আল-যোবায়ের। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ জামাল উদ্দিন।
পীরগঞ্জে কৃষক সমাবেশ ও র্যালি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ‘পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো’ (এডাব্লিউডি) পদ্ধতিতে ধান চাষে কৃষককে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সোমবার শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আর এইচ ২৪১ ও বি এম ডি এ ৩৭ নম্বর গভীর নলকূপের আওতায় ১০০ জন কৃষকের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁওয়ে বালু উত্তোলন করায় জরিমানা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সোনারগাঁওয়ে মেঘনা নদীর পার্শ্ববর্তী ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার সময় একটি ড্রেজার, বালুবাহী বাল্কহেড ও ট্রলারসহ একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এম আল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আটক ব্যক্তি, ড্রেজার, বাল্কহেড ও ট্রলাগুলোকে পৃথকভাবে ৮ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নাঙ্গলকোটে প্রাথমিক উপবৃত্তির কর্মশালা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কর্মসূচি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা সোমবার উপজেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার শাহ মো. ইকবাল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরিফ।
শ্রীপুরে আইপিএম কংগ্রেস অনুষ্ঠিত
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ কৃষি বিভাগের আয়োজনে সোমবার শ্রীপুর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) ২য় পর্যায় প্রকল্পের আওতায় আইপিএম কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি সমপ্রসারণ অধিদফতর মাগুরার উপ-পরিচালক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদফতর যশোর আঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবদুল মান্নান।
পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউপির বাজেট ঘোষণা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পাকুন্দিয়া উপজেলার ১ নং জাঙ্গালিয়া ইউপির ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সোমবার ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার ৭৪ লক্ষ ৭৩ হাজার ৯শ টাকার বাজেট ঘোষণা করেন।
মনোহরগঞ্জে প্রতিবন্ধী অবহিতকরণ সভা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ প্রতিবন্ধী জরিপে অংশ নিন দিনবদলের সুযোগ দিন- এ শ্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সোমবার কুমিল্লার মনোহরগঞ্জে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ ও অবহিতকরণ সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনসুর আলম খান। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান কামাল হোসেন বুলু।
নাজিরপুরে ছাত্রলীগের সম্মেলন
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা \ ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার নাজিরপুর উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মো. তানভীর হাসান (ডালিম) উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং মো. সুমন হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোনারগাঁও বিএনপির ৪৯ নেতাকর্মী জামিন পেয়েছে
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ পুলিশের দায়ের করা ৫ মামলায় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম সমর্থিত সোনারগাঁও থানা বিএনপির ৪৯ নেতাকর্মীকে সোমবার এক মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।