পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবির সর্বত্রই মাঠ থেকে বোরো ধান ঘরে তোলার ধুম পড়েছে। ফলে চলতি বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই শেষে গোলায় তুলতে এখন ব্যস্ত কৃষক-কৃষাণীরা। কিন্তু শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। একমণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক।
উপজেলার বাঙ্গালদহ গ্রামের কৃষক মাসুদুর রহমান জানান, প্রতি বিঘা ধান কাটতে শ্রমিক মজুরি হিসাবে চার হাজার পাঁচশ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। তবুও সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাগলাবাজার এলাকার কৃষক সাইদুর রহমান বলেন, প্রতিবছর রংপুর ও গাইবান্ধা জেলার শ্রমিকরা এ এলাকায় ধান কাটতে আসলেও এবার তেমন না আসায় এবং ফণীর কারণে ধানের জমির পানিতে ধান গাছ নুয়ে পড়ায় বেশি দাম দিয়ে ধান কাটতে হচ্ছে। একই কথা বলেন শ্রীমন্তপুর গ্রামের কৃষক আলম হোসেন। উপজেলার বাগজানা এলাকার কৃষক প্রদীপ অধিকারী বলেন, ফণীর কারণে অন্য কোনো ক্ষতি না হলেও ঝড়ো হাওয়া আর অতিবৃষ্টিতে কৃষকের সেই হলুদ বর্ণ পাকা ধান পানির তলে নুয়ে পড়ায় দিনমজুরও এই সুযোগ কাজে লাগিয়েছে।
কৃষকের অভিযোগ, এমনিতেই বাজারে ইরি ধানের মূল্য নেই, তার মধ্যে দিনমজুররা সুযোগ বুঝে পানিতে নুয়ে পড়া ধান বিঘা প্রতি চাহিদা পাঁচ হাজার টাকা, শুকনো জমির ধান প্রতি বিঘা চার হাজার পাঁচশ টাকা পর্যন্ত চাইছে। এলাকায় দিনমজুররা সিন্ডিকেট করে এবার ধান কাটা মাড়াই করছে বলে কৃষক জানান।