যুগ্ম দায়রা জজের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২২:২৭
ঢাকা মহানগর পঞ্চম যুগ্ম দায়রা জজ নুরুন নাহার বেগম শিউলিসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১৮ জুনের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এগারো লাখ টাকার চেক ডিজঅনারের একটি মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ওই মামলার কার্যক্রম পরিচালনা করায় নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে এ রুল জারি করা হয়। বিচারক ছাড়াও রুল জারি করা হয়েছে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শাকিল মাহমুদ ইমনের বিরুদ্ধে। জনৈক হাবিবুর রহমান হাওলাদারের আবেদনে গতকাল এ আদেশ দেয়া হয়। আবেদনকারীর পক্ষে ছিলেন তৌফিক ইনাম টিপু। তাকে সহায়তা করেন এডভোকেট মো. রেজাউল করিম।
তৌফিক ইনাম টিপু বলেন, স্থগিতাদেশ থাকার পরও ইমন এক আবেদনে নিম্ন আদালতকে জানান, হাইকোর্টের স্থগিতাদেশ নেই। একইসঙ্গে তিনি মামলার কার্যক্রম চালানোর আবেদন করেন। এ আবেদনে যুগ্ম দায়রা জজ মামলার কার্যক্রম শুরু করেন এবং হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।