রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াতের ঢিলেঢালা হরতাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে রাজশাহী মহানগর এলাকাকে হরতালের আওতামুক্ত রাখা হয়। রাজশাহী অফিস জানায়, গতকাল মঙ্গলবার রাজশাহীতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে পুলিশের শক্ত অবস্থানের কারণে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোথাও মাঠে নামতে পারেনি। ফলে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখায় কোনো প্রভাব পড়েনি নগরজীবনে। তবে রাজশাহীর গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, চারঘাট, বাঘা, পবা, দুর্গাপুর উপজেলায় ঢিলেঢালা হরতাল পালনের খবর পাওয়া গেছে। সকালে হরতাল সমর্থকরা উপজেলা পর্যায়ে মিছিল ও পিকেটিংয়ের চেষ্টা করলেও তারা পুলিশের বাধার মুখে রাস্তায় টিকতে পারেনি। এদিকে হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলেনি। তবে আন্তঃজেলা রুটের বাস চলাচল সকাল থেকেই প্রায় স্বাভাবিক ছিল। সকল উপজেলা পর্যায়ে প্রধান ও বাইপাস সড়কেও রিকশা, অটোরিকশা মোটর সাইকেল, সিএনজি, হিউম্যান হলার, শিশুক ও টেম্পোসহ হালকা যানবাহন চলাচল করেছে। সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, খুলনা ও চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনসহ সকল রুটের ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে হয়েছে। হরতাল চলাকালীন শহর ও শহরের বাইপাস রোডে বাস-ট্রাকের চলাচল স্বাভাবিকের তুলনায় কম হলেও হালকা যানবাহন চলাচল করেছে। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। এদিকে বগুড়ার শেরপুর উপজেলায় সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও পুলিশ ধাওয়া করে ৩ জনকে গ্রেফতার করে। শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে হরতালকারী ও পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার শেল ও ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। শিবগঞ্জ প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামের ডাকা হরতাল শিবগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় শিবগঞ্জের বিভিন্ন রুটে হাল্কা যানবাহন চলাচল করায় যাতায়াত স্বাভাবিক ছিল। উপজেলার দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান খোলা ছিল। তবে সোনামসজিদ স্থল বন্দরে লোড-আনলোড স্বাভাবিক থাকলেও কোনা ট্রাক বন্দর থেকে ছেড়ে যায়নি। বান্দরবানে হরতাল বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল ছাত্র শিবিরের ডাকা হরতালে বান্দরবানে দূর পাল্লার কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি। তবে জেলা শহরসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। গতকাল মঙ্গলবার দক্ষিণ চট্টগ্রামে ছাত্র শিবিরের ডাকা হরতালের কারণে বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং কেরানীহাট সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল থেকে দূর পাল্লার কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি।