সালাহউদ্দিন ও আলালকে গ্রেফতার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সরকারকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও এ দুই নেতাকে কারাফটক থেকে অন্য মামলায় পুনরায় গ্রেফতার দেখানো হয়। যদিও তারা সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। জামিনে কারামুক্তির পর কারাফটকে গ্রেফতার করা হতে পারে এমন আশংকায় যেন তাদের পুনরায় গ্রেফতার না করতে পারে এমন নির্দেশনা চেয়ে তারা হাইকোর্টে রিট করেন। পৃথকভাবে দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্ট গতকাল এ আদেশ দেয়। তাদের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।