বরিশালে ভোট চাইছেন মহাজোট কেন্দ্রীয় নেতারা
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২২:২৯
সিটি নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠানের কথা থাকলেও শেষ পর্যন্ত তা দলীয় নির্বাচন এবং দুই জোটের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। শেষ পর্যন্ত রাজনৈতিক দুই জোটের ব্যানারেই হতে যাচ্ছে সিটি নির্বাচন। আগামী ১৫ জুন অনুষ্ঠিত এ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে ইতিমধ্যেই মহাজোটের শীর্ষ নেতারা এসে সরগরম করে তুলেছেন নির্বাচনী মাঠ। ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা প্রচারণায় না এলেও স্থানীয়ভাবে দলগতভাবেই নির্বাচনী প্রচারণার মাঠে রয়েছে জেলা বিএনপি’র সাবেক সভাপতি আহসান হাবিব কামাল। তার ব্যানার ও পোস্টারে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি’র ছবি যুক্ত করে চলছে প্রচারণা। কামালের পক্ষে প্রচারণার মাঠে দলের স্থানীয় প্রভাবশালী নেতা মজিবর রহমান সরোয়ার প্রধান ভূমিকায় রয়েছেন। যদিও সরোয়ারের ছবিসম্বলিত ব্যানার সরিয়ে ফেলছেন রিটার্নিং অফিসার। দলীয় প্রচার-প্রচারণায় নির্বাচন কমিশন বার বার আপত্তি তুললেও দলীয় ভিত্তিতে প্রচার-প্রচারণার জোয়ারে ভাসছে ৬০ বর্গকিলোমিটার এই মহানগরী। শীর্ষ দুই প্রার্থী সকল নির্বাচনী অফিসগুলোতেই দলীয় প্রধানসহ শীর্ষ নেতা- নেত্রীদের ছবি ঝুলিয়ে রাখা হয়েছে।
১৪ দল সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণের নির্বাচনী অফিসগুলোতে বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলানো রয়েছে। ১৮ দল সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের নির্বাচনী অফিসগুলোতে ঝুলছে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। নির্বাচন কমিশনের দৃষ্টিতে এটি আচরণ বিধি লঙ্ঘন হলেও রিটার্নিং অফিসার বা ভ্রাম্যমাণ টিমের সদস্যদের কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। ১৪ দল সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের টেলিভিশন প্রতীকের পক্ষে প্রচারণায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহববুল আলম হানিফ, উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য রূপালী ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরনসহ যুবলীগের একটি টিম একাধিক বার এখানে এসে গণসংযোগে অংশ নিয়েছে। ইউসুফ হোসেন হুমায়ন, জনতা ব্যাংকের পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোহসীনসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা বর্তমানে হিরনের টেলিভিশন প্রতীকের পক্ষে নগর চষে বেড়াচ্ছেন। সোমবার এখানে নতুন করে প্রচারণায় যুক্ত হয়েছেন আখম জাহাঙ্গীর হোসাইন ও হাবিবুর রহমান খানসহ কয়েকজন শীর্ষ নেতা।
বিএনপি জোট সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষে প্রচারণায় অংশ নেয়া নির্বাচনের প্রধান সম্বনয়কারী মজিবর রহমান সরোয়ার এমপি সোমবার জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় যান, আজ বুধবার ফিরে আসার কথা। একইদিন বিদ্রোহী প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানো জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন কামালের প্রচারণায় ঢাকা থেকে বরিশাল আসার কথা রয়েছে। প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পুরস্কার হিসেবে চাঁনকে জেলা বিএনপি’র আহবায়ক পদ দেয়া হয়েছে। ঐ পদ নিয়ে এখানে আসার পর তাকে আজ নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আহসান হাবিব কামাল ও মজিবর রহমান সরোয়ারের সমর্থকরা ব্যাপক সংবর্ধনা প্রদান করতে যাচ্ছেন।
সমান তালে চলছে দু’ দলের প্রচার-প্রচারণার লড়াই। চায়ের দোকান থেকে অভিজাত রেস্টুরেন্ট পর্যন্ত চলছে ভোটের বিতর্ক মূল আলোচনার বিষয় দুই জোটের দু’ মেয়র প্রার্থী।