গাজীপুর সিটি নির্বাচনে ৬৯৬ মনোনয়নপত্র সংগ্রহ, জমা ১২০
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২২:২৯
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৬৮৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়রপদে ১১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩০জন ও সাধারণ কাউন্সিলর ৫৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহকারীগণের মধ্যে রয়েছেন: আওয়ামী লীগ সমর্থিত ১৪ দলীয় মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপি কেন্দ্রীয় নেতা হাসানউদ্দিন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, জেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক শওকত হোসেন সরকার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, সচেতন নাগরিক পরিষদের ডা. নাজিম উদ্দিন আহমেদ ও সম্মিলিত ইসলামী ফোরামের নেতা মো. ফজলুর রহমান। নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনে ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও ৫৭টি সাধারণ ওয়ার্ডরয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে সংরক্ষিত ওয়ার্ডে ৩০ জন মহিলা ও সাধারণ ওয়ার্ডে ৯১ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখনো মেয়রপদে মনোনয়নপত্র জমা দেননি কেউ। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৬ জুন। যাচাই-বাছাই হবে ৯ ও ১০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৭ জুন। আগামী ৬ জুলাই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।