ওষুধ কোম্পানির কর্মকর্তা নিখোঁজ
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২২:৩০
যশোরে মহিউদ্দিন শরীফ সুমন নামে ওষুধ কোম্পানির এক কর্মকর্তা ১৮ লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন। তিনি এপেক্স ফার্মার যশোর জেলার ডিপো ইনচার্জ হিসেবে কর্মরত। তার বাড়ি শহরের রেল রোডের খাদ্য গুদামের সামনে। এ ব্যাপারে যশোর কোতয়ালী মডেল থানায় জিডি করেছেন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মতিয়ার রহমান।
জিডিতে বলা হয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সুমন কোম্পানির ১৮ লাখ ২১ হাজার ৯৪৬ টাকা জমা দেবার জন্য ইউসিবিএল ব্যাংকের উদ্দেশ্যে অফিস থেকে বের হন। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সুমনের অফিসের এক সহকর্মী জানান, বেশ কিছুদিন ধরে খয়েরতলা এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী সুমনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় তাকে গুম করার হুমকিও দেয়া হয়। ওই চক্রটিও তার নিখোঁজ হওয়ার পেছনে জড়িত থাকতে পারে।