সংসদ গ্যালারী

এমপিওভুক্তি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি

বাজেট অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে এমপিওভুক্তি নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের প্রশ্নবানে জর্জরিত হন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা দাবি করেন সরকারি ও বিরোধী দলের তিন সদস্য। এমপিওভুক্তি নিয়ে প্রথমেই প্রশ্নের অবতারণা করেন জাতীয় পার্টির (জাপা) এ, কে, এম মাইদুল ইসলাম। তিনি মন্ত্রীর নিকট জানতে চান, তিনটি করে নাম নেয়ার পরও এ পর্যন্ত কোন ফলাফল কেন পাওয়া যায়নি। একই ব্যাপারে মন্ত্রীর নিকট ব্যাখ্যা দাবি করেন সরকারি দলের আতিকুর রহমান আতিক ও বিএনপির আবুল খায়ের ভুঁইয়া। একই সুরে আক্রমণ ! জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, আমার ভালো লাগছে এ জন্য যে সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যরা একই সুরে আক্রমণ করছেন। এমপিওভুক্তির জন্য আমি তিনটি করে নাম নিয়েছি। তার মানে এই নয় যে এটা সারাদেশে প্রচার করে ফিরবো। তিনি বলেন, এ ব্যাপারে অর্থ মন্ত্রীর সাথে কথা বলেছি। এমপিওভুক্তির ব্যাপারে আর্থিক সংস্থান জড়িত বলে তিনি মন্তব্য করেন। অভিনন্দনের জোয়ারে স্পিকার গতকাল প্রশ্নোত্তর পর্ব চলাকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অভিনন্দনের জোয়ারে ভেসেছেন। স্পিকারকে প্রশ্নকর্তা সংসদ সদস্য ও জবাবদানকারী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অভিনন্দন জানান। এমনকি লাল গোলাপ শুভেচ্ছা জানানোর সময় স্পিকার মাইক অন করে বলেন, মাননীয় সদস্য আগে প্রশ্ন করুন। ‘পারফরম্যান্স একসেলেন্ট’ সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী প্রশ্ন করার জন্য ফ্লোর নিয়ে প্রথমেই স্পিকারের প্রশংসা করা শুরু করেন। তিনি বলেন, মাননীয় স্পিকার প্রথম দিনের আপনার ‘পারফরম্যান্স’ ছিলো চমত্কার। এক কথায় বলতে গেলে ‘একসেলেন্ট’। ‘অন্যায় প্রশ্রয় দেই না’ বিরোধী দলীয় সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া সম্পূরক প্রশ্নের জন্য ফ্লোর নিয়ে শিক্ষা মন্ত্রীর নিকট জানতে চান রাজধানীর একটি স্কুলে ছাত্রীদের ড্রেসের ফুলহাতা কেটে অর্ধেক করার সাথে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? জবাবে শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, আমরা কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দেই না। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।