ডেসনিটির অর্থ পাচার

তথ্য জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদকের চিঠি

ডেসটিনি গ্রুপের ৪১ কোটি টাকা ইসলামী ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক সফিউল ইসলামের মাধ্যমে পাচারের অভিযোগ তদন্তের জন্য তথ্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ইসলামী ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক সফিউল ইসলাম হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং এবং আরব আমিরাতে ৪১ কোটি টাকা পাচার করেছেন। একটি দেশে তার ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ নিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। ডেসটিনির অর্থ আত্মসাত্ মামলার তদন্ত দলের প্রধান উপ-পরিচালক মোজাহার আলী সরদার জানিয়েছেন, পররাষ্ট্র সচিবের কাছে লেখা চিঠিতে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। সফিউল ইসলাম বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছেন। গত রবিবার বিকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা তাকে গ্রেফতার করে। দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, দুদকের তদন্তে জানা গেছে, ইসলামী ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক সফিউল ইসলামের মাধ্যমে ডেসটিনির বিপুল পরিমাণ টাকা ৫টি দেশে পাচার হয়েছে।