রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস সন্ত্রাসী কর্মকাণ্ডের আওতায় আসছে

রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০১৩’ উত্থাপন করেছেন। বাজেট অধিবেশনের প্রথম কার্যদিবসে গত সোমবার বিলটি উত্থাপন করার পর পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট দিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। জাতিসংঘের সমকালীন বিভিন্ন রেজুলেশন ও কনভেনশন এবং আন্ত:রাষ্ট্রীয় আলোচনার আলোকে আন্ত:রাষ্ট্রীয় সন্ত্রাসসহ বিভিন্ন সন্ত্রাসকে সঙ্গায়ন ও আইনকে আরো সময় উপযোগী করতে নতুন বিল আনা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর সংশোধনে বিলটি উত্থাপন করা হয়। বিলে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসকে সন্ত্রাসী কার্মকাণ্ডের আওতায় রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা বিমানে অবস্থানকারীর ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। বিলে সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় তথা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সমকালীন বিভিন্ন রেজুলেশন ও কনভেনশন এবং আন্ত:রাষ্ট্রীয় আলোচনার আলোকে সন্ত্রাস বিরোধী আইন অধিকতর সংশোধনের প্রয়োজনে বিলটি উত্থাপন করা হলো। প্রসঙ্গত নীতিগতভাবে গত ১১ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের বৈঠকে বিলটি অনুমোদন করা হয়।