রংপুরে পরিবহন ধর্মঘট

চালক ও সুপারভাইজারকে মারধর করার আসামি শিবিরের সাবেক ক্যাডার পৌর কাউন্সিলর শাফিউল ইসলাম শাফিকে গ্রেফতার দাবিতে গতকাল মঙ্গলবার রংপুর থেকে ঢাকাগামী সকল কোচ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বুধবার থেকে রংপুর বিভাগে ৭২ ঘন্টার জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটি। জানা গেছে, গত শনিবার রাতে শাফিউল ইসলাম শাফির নির্দেশে একটি বাস আটক করে চালক ও সুপারভাইজারকে মারধর করে তার লোকজন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্যদিকে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন নির্ধারণসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে ধর্মঘটে গেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটি। কমিটির সভাপতি আখতার হোসেন বাদল জানান, ৪৮ ঘন্টার ধর্মঘটে দাবি পূরণ না হলে ৭২ ঘন্টার ধর্মঘট দেয়া হবে।