মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলা
পাকিস্তানে সামরিক হস্তক্ষেপ বন্ধের আবেদন সুপ্রিম কোর্টে
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২২:৩৯
পাকিস্তানে সংবিধান লঙ্ঘনের জন্য সাবেক একনায়ক জেনারেল পারভেজ মোশাররফকে শাস্তি দিয়ে চিরদিনের জন্য সামরিক হস্তক্ষেপের পথ বন্ধ করতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী। গত সোমবার মৌলভী ইকবাল হায়দারের আইনজীবী অ্যাডভোকেট এ কে ডগর সুপ্রিম কোর্টে শুনানিতে এই আর্জি জানান। খবর দ্য ডনের।
সংবিধান লঙ্ঘন করে জরুরি অবস্থা জারি করায় পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা কয়েকটি রিটের শুনানি হয় গত সোমবার। ২০০৭ সালের ৩ নভেম্বর জারি করা হয়েছিল। পারভেজ মোশাররফ-এর মাধ্যমে সংবিধান রক্ষার ও মেনে চলার শপথ ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাদীর আইনজীবী বলেন, সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহের রোধের বিধান সংশ্লিষ্ট পাকিস্তানের সংবিধানের ৬ অনুচ্ছেদ সংবিধানের রক্ষাকবচ। এই বিধান অনুযায়ী সংবিধান স্থগিতের জন্য কাউকে দোষী সাব্যস্ত করা যায়। সংবিধানের এই রক্ষাকবচই ভবিষতে সামরিক শাসন ঠেকাতে পারে। ২০০৭ সালের ৩ নভেম্বরের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব।