কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ভাই বোনসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ সময়ে হামলাকারীরা একটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযুক্তদের দাবি হামলা করতে আসলে গ্রামবাসীদের আক্রমণের শিকার হয়েছে তারা।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় দু’পক্ষের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে ৭টায় বড়চেগ গ্রামে। এ ঘটনায় আহত মোস্তফা মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে ও অজ্ঞাতনামা উল্লেখ করে বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুদীন চন্দ বলেন, আসলে এখানে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে ও দু’পক্ষের তিনটি অভিযোগ দেওয়া হয়েছে। তবে জখমীরা হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। জখমীদের পক্ষে মোস্তফা মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার একটি অভিযোগ দিয়েছেন অপরদিকে প্রতিপক্ষের লোকজন মালামাল লুটপাটসহ দুইটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।