পপগুরুর অনাড়ম্বর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:২৪
গতকাল ছিল পপগুরু আজম খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ভুলবশত গতকালের বিনোদন প্রতিদিনের পাতায় ‘মৃত্যুবার্ষিকী’র স্থলে ‘জন্মবার্ষিকী’ উপলক্ষে পপগুরুকে শুভাশীষ জানিয়ে তারকা কলাম বিভাগে নিজের অনুভূতির কথা লেখেন দেশবরেণ্য রকস্টার আইয়ুব বাচ্চু। তারিখের বৈষম্য বিচারে নয়, লেখক আইয়ুব বাচ্চুর তার প্রিয় আজম খানের প্রতি আবেগটাই এখানে মুখ্য ছিল। তবুও সারাদেশের অগণিত পাঠকেরা কৌতূহলী হয়ে এ বিষয়ে জানতে ফোন করেন ইত্তেফাক বিনোদন বিভাগে। পরবর্তীতে আমাদের ইত্তেফাক অনলাইন সংস্করণে তা সংশোধন করে দেওয়া হয়। আমরা এই অনভিপ্রেত ভুলের জন্য সারাদেশের আজম খানের অগণিত ভক্তপাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। এদিকে গতকাল মৃত্যুবার্ষিকী উপলক্ষে পপগুরু কন্যা এমা খান গত ২ মার্চ গড়া আজম খান ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ ছাড়া বিস্ময়ের সাথেই উল্লেখ করার মতো ঘটনা যে, ব্যান্ড অ্যাসোসিয়েশনসহ কোনো সংগঠন গুরুকে নিয়ে কোনো ধরনের আয়োজন অনুষ্ঠান করেনি। এমনকি অধিকাংশ পত্রিকা গতকাল পপগুরুর মৃত্যুবার্ষিকীর কোনো খবরই প্রকাশ করেনি। এমা খান বলেন, ‘এসব নিয়ে আক্ষেপ নেই। আমার বাবা তো সবার মনের ভেতরে গেঁথে আছেন। কে কতটা স্মরণ করল সেটি বড় বিষয় নয়। আর ইত্তেফাকে আইয়ুব বাচ্চু আংকেলের লেখাটি আমি সকালেই পড়েছি। আমি তার লেখার আবেগ আর স্মরণকে সম্মান দিতে চাই। বাবার খুব কাছের মানুষ হিসেবে তবুও তো তিনি স্মরণ করেছেন! বাবা যেখানেই থাকুন অবশ্যই ভালো আছেন। কারণ আমার বাবা একজন সত্ মুক্তিযোদ্ধাই শুধু নন, সবকিছুতেই তার সারল্য সততাই তার মূল বৈশিষ্ট্য। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’