দুর্ঘটনায় আহত মেহজাবিন
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:২৫
সড়ক দুর্ঘটনায় আহত হলেন এ সময়ের অন্যতম ব্যস্ত ও আলোচিত মডেল-অভিনেত্রী মেহজাবিন। গত মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ১১টার দিকে উত্তরাস্থ নিজ বাসা থেকে ফটোশুটের উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়িতে করে ধানমন্ডি যাচ্ছিলেন। বনানী অতিক্রম করার সময় পেছন থেকে হঠাত্ একটি বাস সজোরে তার গাড়িকে ধাক্কা দিলে মেহজাবিন সামনের দিকে ঝুঁকে পড়ে যান। এতে নাক ও ঘাড়ে প্রচণ্ড ব্যথা পান। সঙ্গে সঙ্গেই নিকটস্থ প্রেসক্রিপশন পয়েন্টে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিত্সা করেন এবং নাক ও ঘাড়ের এক্সরে করা হয়।
মেহজাবিন বলেন, ‘আসলে দুর্ঘটনা তো হঠাত্ই হয়। ব্যথা পেয়েছি প্রচণ্ড। সঙ্গে সঙ্গেই তো ট্রিটমেন্ট করিয়েছি। আজ এক্সরে রিপোর্টগুলো হাতে আসবে। দু-চারদিন বিশ্রামে থাকতে বলেছে ডাক্তার। এরপর থেকে শুটিংয়ে নিয়মিত হবো। তবে যারা বাস চালান তাদেরকে একটু সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাই।’