জীবন সংসারের ৫০

এশিয়ান টিভির মেগাসিরিয়াল ‘জীবন সংসার’ সাফল্যের সাথে অর্ধশত পর্ব পূর্ণ করল। যেকোনো টিভি সিরিয়ালের জন্য এই ৫০ পেরুনো একটা বড় সাফল্যই বটে। তরুণ নির্মাতা মাইনুল হাসান খোকনের নির্মাণে ‘জীবন সংসার’-এর আজকের ৫০ পর্ব উপলক্ষে বিশেষ একটি এপিসোড নির্মাণ করেছেন তিনি। মেগাসিরিয়ালের ইনসাইড স্টোরি থেকে শুরু করে এই সিরিয়ালের কলাকুশলীদের নিজস্ব অনুভূতি প্রচার করা হবে। এই বিশেষ পর্ব নির্মাণ প্রসঙ্গে ‘জীবন সংসার’-এর নির্মাতা খোকন বলেন, ‘বাইরের দেশে যেমন একটি মেগাসিরিয়াল সবসময়কে ধারণ করে। তেমনি আমিও চেষ্টা করেছি সেভাবেই এই সিরিয়ালটাকে এগিয়ে নিয়ে যেতে। যেমন আগামী রমজান থেকে ঈদ পর্যন্ত পুরো নাটকের গল্পে সমসাময়িক রোজা ও ইফতার থেকে শুরু করে ব্যক্তি জীবনের সংসারে যেসব ছোটখাটো উত্সব কেন্দ্রিক অনুষঙ্গ থাকে, সেগুলোই থাকবে।’ সিরিয়ালের অন্যতম অভিনেত্রী বাঁধন বলেন, ‘৫০ পর্বের এই পর্বটি অন্যরকমভাবে করেছেন খোকন ভাই। আজকের পর্বটি তাই আমি নিজেও দেখার জন্য খুবই আগ্রহী।’