চট্টগ্রাম অফিস
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনে অতিরিক্ত ৬০টি কোচ সংযোজনের পরিকল্পনা করছে রেলওয়ে। এজন্য রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপে এগুলোর মেরামত চলছে। ঈদের তিনদিন আগে সব কোচ যাতে সংযুক্ত করা যায় সে লক্ষ্যে কাজ চলছে।
পূর্বাঞ্চল রেলের পরিবহন বিভাগের তথ্যমতে, রেলওয়ে পূর্বাঞ্চল এবার ৮০০ কোচে যাত্রী পরিবহনের প্রস্তুতি শুরু করেছে। এরমধ্যে ভালো আছে ৭৩০টি কোচ। বাকি ৭০টি কোচ মেরামত করা হচ্ছে। ক্যারেজ সপ, ওয়াগন সপ, পেইন্ট সপ, হুইল সপ, ওয়েল্ডিং সপ, স্মিথি সপ, ফাউন্ড্রি সপ, সিএইচআর সপ, জিওএইচ সপ, এসিটিএল সপ, জিইআর সপের শ্রমিকরা প্রথম রমজান থেকে কাজ শুরু করেছেন।
গতকাল সরেজমিনে রেলওয়ের ওয়ার্কশপে দেখা গেছে, শ্রমিকরা ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে ব্যস্ত। আরেক দল ব্যস্ত ভারি কাজে। শপে কোচের মূল অবকাঠামোর সঙ্গে জোড়া লাগানো হচ্ছে বগি। পরে পেইন্ট শপে আবার চলছে মেরামত হওয়া কোচগুলোতে রং দেওয়ার কাজ। রেলওয়ের পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় ১১টি শপের শ্রমিকদের যেন দম ফেলারও ফুরসত নেই।
পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মহিউদ্দিন বলেন, ঈদের যাত্রীর সুবিধার্থে এবার পূর্বাঞ্চলে ৮০০ কোচ দিতে বলা হলেও কিছু কোচের অবস্থা ভালো নয়। এ জন্য প্রায় ৭০টির মতো কোচ মেরামত করা হচ্ছে। জুনের প্রথম দিনের মধ্যে মেরামত হওয়া কোচগুলো পরিবহন বিভাগকে বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।