শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

লেনদেন আট মাসের মধ্যে সর্বোচ্চ

টানা ৬ কার্যদিবস সূচক বাড়ার পর মঙ্গলবার কিছুটা স্তিমিত হলেও গতকাল বুধবার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরে এসেছে। উভয় শেয়ার বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৬০ কোটি টাকা। যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এবারের বাজেটে শেয়ার বাজারের জন্য প্রণোদনামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে এমন প্রত্যাশার কারণেই সূচক বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাজারে সবচে বড় সমস্যা হচ্ছে আস্থার অভাব। সরকারের পক্ষ থেকে শেয়ার বাজারের দিকে ইতিবাচক পদক্ষেপ নেয়ায় আস্থার অভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এরই প্রভাব পড়েছে সূচক ও লেনদেনের উপর। এ অবস্থায় বাজার উন্নয়নে সরকারের পদক্ষেপ অব্যাহত রাখার পাশাপাশি নতুন করে যেন কেউ কারসাজি করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে বলে তারা মনে করেন। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮ পয়েন্টে রয়েছে। সাধারণ মূল্যসূচক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৮ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার টাকা। যা গতকালের তুলনায় ৬৯ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তীত রয়েছে ২৬টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল বাজারে লেনদেনের প্রায় ১৭ দশমিক ১৩ শতাংশ হয়েছে জ্বালানি খাতের কোম্পানিগুলোকে ঘিরে। এদিন এ খাতের কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকা। লেনদেনের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালস খাতে। এ খাতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৫৯ লাখ টাকা। আর ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ৫৪ লাখ টাকা। দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। এ খাতের শেয়ারগুলোর দাম বেড়েছে প্রায় ২ দশমিক ২৫ শতাংশ।