আন্তর্জাতিক ঋণ মানে
আগের অবস্থানে
বাংলাদেশ
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:৩২
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ঋণ মানে আগের অবস্থান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের (এসঅ্যান্ডপি) বার্ষিক রেটিংয়ে বাংলাদেশকে বিবি(-) রেটিং দেয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম অবস্থানে থাকা ভারত রেটিং মান পেয়েছে বিবিবি (-)। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধির জোরালো ধারা ঠিক রয়েছে। প্রকৃত মাথাপিছু আয় পাঁচ শতাংশের বেশি হারে বাড়ছে যা কম আয়ের অর্থনীতির দেশের জন্য বেশ ভালো। এসব পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদে বাংলাদেশকে বিবি (-) এবং স্বল্প মেয়াদে ‘বি’ রেটিং দেয়া হয়েছে। এ ধরনের রেটিং স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ প্রাপ্তির নিশ্চয়তা দেয় এবং পুনঃঅর্থায়ন ঝুঁকি কমায়। বাংলাদেশের সমান রেটিং নিয়ে সমপর্যায়ে রয়েছে ভিয়েতনাম, মঙ্গোলিয়া ও নাইজেরিয়া। এছাড়া আমাদের প্রতিবেশি শ্রীলংকা বি (+) ও পাকিস্তান বি (-) নিয়ে বাংলাদেশের পরের স্তরে রয়েছে।
এসঅ্যান্ডপি’র একটি প্রতিনিধি দল গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় এসে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে খোঁজখবর নেয়। এ সময়ে তারা বাংলাদেশ ব্যাংক, অর্থমন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জাতীয় রাজস্ববোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সব জায়গা থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করেই রেটিং করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।