ফ্যাশন ডিজাইনে রয়েছে আধুনিক ক্যারিয়ারের সুযোগ
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:৩৭
দিন বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের চাহিদা ও রুচির। পরিবর্তন এসেছে জীবনের প্রতিটি ক্ষেত্রেই। পোশাক-পরিচ্ছদও এই পরিবর্তনের তালিকা থেকে বাদ পড়েনি। সময়ের সাথে সাথে পোশাকেও লেগেছে নতুনত্বের ছোঁয়া। আর এই পরিবর্তনের ধারাকে যারা বয়ে নিয়ে চলেছেন, তারাই ফ্যাশন ডিজাইনার। এই ফ্যাশন ডিজাইনার গড়ার কারিগর হিসেবেই নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখে চলেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)। ফ্যাশন ডিজাইনিংয়ের যাবতীয় কাজ হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রদান করে তারা এই খাতে গড়ে তুলছে যোগ্য এবং প্রশিক্ষিত ডিজাইনার।
গার্মেন্টস সেক্টর থেকে বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার ডলার অর্জন করে যাচ্ছে। আর এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে আসছে এই প্রতিষ্ঠান। এখানে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২,৫০০ টাকা এবং এক বছরের কোর্স সম্পন্ন করতে খরচ হবে ৫০,০০০ টাকা।
পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং, কনজাম্পশন প্রভৃতি বিষয়ে কেবল তত্ত্বীয় শিক্ষাই নয়, প্রদান করা হয় এমন প্রশিক্ষণ যাতে বাস্তবে কাজ করতে গিয়েও এখানকার শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের জড়তা কাজ না করে। ০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখার খরচ ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে পারবেন।
বিজিএমআই প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্ট বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এর মধ্যে ফ্যাশন ডিজাইনে অন্তর্ভুক্ত রয়েছে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনোলজি, টেক্সাইল টার্মিনোলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি বিষয়। এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের দ্বারাই পড়ানো হয় এখানে। এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরি করাসহ নিজেও ব্যবসা করার সুযোগ তৈরি করে নেওয়া যেতে পারে।
এই প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই-এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন।’ বিজিএমআইকে তিনি এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে আরও উত্সাহ পায় এবং গার্মেন্ট সেক্টরকে আরও সমৃদ্ধ করে। তিনি জানান, ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি/সমমান ও মার্চেন্ডাইজিং এবং এইচআর কোর্সে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
যোগাযোগ :বাড়ি-৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।