যৌন হয়রানির অভিযোগে মার্কিন জেনারেলদের কড়া সমালোচনা
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:১১
যৌন হয়রানির অভিযোগে মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কড়া সমালোচনা করলেন খোদ ডেমোক্র্যাটিক দলের সিনেটররা। তাদের দাবি এই ধরনের সমস্যা দূর করতে আইনসহ বেশকিছু ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটাতে হবে। তবে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা মার্কিন সিনেটরদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
মে মাসে প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে আগের বছরের তুলনায় অনাকাঙ্ক্ষিত যৌন হয়রানির ঘটনা ৩৭ ভাগ বেড়েছে। ২০১১ সালে সেনাবাহিনীতে এধরনের ১৯ হাজার ঘটনা ঘটলেও ২০১২ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজারে। এসব সমস্যা তুলে ধরে সিনেটররা বলেন, মৌলিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে কংগ্রেস সম্পর্কিত এক শুনানিতে সিনেটররা এসব অভিযোগ তুলে ধরেন। শুনানিতে উপস্থিত ছিলেন, বেশ কয়েকজন সিনেটর, মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মেরিন এবং কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তারা।