সংবাদ কণিকা

অন্ধকারে পরিষ্কার ছবি ক্যামেরাতে ফ্ল্যাশ না থাকলেও অন্ধকারে তোলা যাবে পরিষ্কার ছবি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অন্ধকারে ছবি তোলার উপযোগী প্রযুক্তির ক্যামেরা সেন্সর তৈরি করেছে সিঙ্গাপুরের নায়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির (এনটিইউ) গবেষকরা। নতুন প্রযুক্তির এ সেন্সরটি খুবই সংবেদনশীল। এটি দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে কাজ করতে সক্ষম। বর্তমানে প্রচলিত ক্যামেরার চেয়ে এর আলোর সংবেদনশীলতা এক হাজার গুণ বেশি। —রয়টার্স অপ্রত্যাশিত সন্তান রাখার বাক্স জার্মানির বার্লিনের একটি হাসাপাতালে ঢুকতেই চোখে পড়বে ‘বেবিক্লাপে’ নামে একটি লেখা। তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে কোথায় সেই বেবিক্লাপে বা ইস্পাতের তৈরি বাক্স। যেখানে একজন মা তার অপ্রত্যাশিত সন্তান রেখে যেতে পারেন। এই বাক্সে নবজাতক রাখার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। তখন সেবিকারা দু’-তিন মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে বাচ্চার দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয়। আর ঐটুকু সময়ের মধ্যে মা-ও বাচ্চাকে রেখে চোখের আড়ালে চলে যেতে পারে। —এএফপি কাগজের তৈরি বাতি হাতের তৈরি কাগজের বাতি সত্যি নজরকাড়ার মতো। বার্লিনের রিও গ্রান্দে রেস্তোরাঁর শোভা বাড়াচ্ছে কাটরিন গ্রিগুল-এর তৈরি ঐ বাতি। চার দেয়ালের মধ্যে পরিবেশ একেবারে বদলে দিতে চান ডিজাইনার কাটরিন গ্রিগুল। প্রায় ১৭ বছর ধরে বার্লিনে নিজের স্টুডিওতে অভিনব বাতি তৈরি করেন তিনি। প্রতিটি বাতিই অভিনব, তাতে হাতে তৈরি কাগজ ব্যবহার করা হয়। দাম ৭০ থেকে ৫ হাজার ইউরো পর্যন্ত। কাটরিন গ্রিগুল-এর তৈরি বাতি খ্যাতিমান মানুষের বৈঠকখানা বা হোটেল রেস্তোরাঁয় শোভা পায়।—ডয়েচে ভেলে হাওয়াইয়ে ভূমিকম্প হাওয়াই দ্বীপের উপকূলে মঙ্গলবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমন কি দ্বীপটিতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। হাওয়াইয়ের গভর্নরের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, হাওয়াইয়ের বড় দ্বীপ পাহালার ৩৩ মাইল দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে ছিল এই ভূমিকম্পের উত্পত্তিস্থল। গভর্নরের মুখপাত্র নিল আবেরক্রম্বি জানান, হাওয়াইয়ের ঐ বড় দ্বীপ এবং মাউয়িতে ঐ ভূমিকম্প হয়েছে। —রয়টার্স