ঈশ্বরদীতে কাগজ-পত্র পরীক্ষার নামে হয়রানি
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:২৩
ঈশ্বরদীতে হাইওয়ে পুলিশ গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে যানবাহন চালক ও মালিকদের নানা ভাবে হয়রানী করে বলে মটর শ্রমিকরা অভিযোগ তুলেছেন।
তারা জানিয়েছেন, এক শ্রেনীর পুলিশ জনমানবহীন রাস্তায় দিনে রাতে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখতে চায়। গাড়ির সকল কাগজ ঠিক থাকার পরও মামলা দেওয়ার ভয় দেখিয়ে আদায় করে অন্যায় সুবিধা। জনশূন্য রাস্তায় পুলিশের আদলে ডাকাতরাও অনেক সময় গাড়ি থামিয়ে যথা সর্বস্ব লুটে নেয়। বাধা দিতে গিয়ে এসব রাস্তায় প্রাণ হারিয়েছেন অনেক মটর শ্রমিক।
জানা যায়, ঈশ্বরদীর মুলাডুলি আখ খামার ও দাশুড়িয়া ইউনিয়নের ঈশ্বরদী-পাবনা বিশ্ব রোড ও রূপপুর মোড়ে দীর্ঘদিন থেকে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ বিভিন্ন কৌশলে অন্যায় সুবিধা আদায় করে আসছে। রাতে ডাকাতি বা ছিনতাই প্রতিরোধের জন্য এসব পুলিশের ডিউটি করার কথা থাকলেও তাঁরা গাড়ির কাগজপত্র নিয়ে বেশি ব্যাস্ত থাকে।
ফলে এসব রাস্তায় দস্যুতাও বেড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ব্যাপারে পাকশী হাইওয়ে পুলিশ (পাবনা সুগার মিলস) ফাঁড়ির দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর সাইদুর রহমান বলেন, চুরি-ডাকাতি রোধে আমরা গাড়ি চেকিং করে থাকি। রাতের পরিবর্তে দিনের বেলায় কেন, এবিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।