রংপুরে চার ব্যবসায়ীর সাজা ও জরিমানা
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে র্যাবের ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত চারজন অসাধু ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে। বৃহস্পতিবার রংপুর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসব ব্যবসায়ী অবৈধ অতিরিক্ত মুনাফার লোভে রমজান মাসের বহুল ব্যবহূত খাদ্য সামগ্রীতে বিভিন্ন ভেজাল মেশানোসহ ভোক্তা অধিকার আইন লংঘন করেছে।
বেরোবি ডিবেট ফোরামের নবীনবরণ ও ইফতার মাহফিল
বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি) বিতর্ক সংগঠন ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমিক ভবন-৩ এর চতুর্থ তলায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি রুমে ইফতার মাহফিল হয়। বেরোবি ডিবেট ফোরামের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে নবীনবরণ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মো. শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ প্রমুখ।
রাণীনগরে উন্মুক্ত বাজেট ঘোষণা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরের ২নং কাশিমপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় বৃহস্পতিবার। ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় বৃহস্পতিবার। প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে র্যালি বের হয়।
কমিউনিটি পুলিশিং কমিটির সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ঘোড়াঘাট থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা ও ইফতার মাহিফল হয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান।
দেশীয় শিল্প বাঁচাতে বিড়ি ভোক্তাদের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি বিড়ির ওপর বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহার ও এ শিল্পের সাথে জড়িতদের বেকারত্বের হাত থেকে বাঁচাতে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তারা। বৃহস্পতিবার ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বাসভবন সংলগ্ন সড়কে এ মানববন্ধন পালিত হয়। পরে সংসদ উপনেতার প্রতিনিধির হাতে স্মারকলিপি তুলে দেন তারা।
নেত্রকোনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের
জন্য চাল বরাদ্দ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা সদর, আটপাড়া এবং কেন্দুয়া উপজেলার উপর দিয়ে গত বুধবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করে দ্রুত আর্থিক সহয়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঈনইল ইসলাম। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। তালিকা তৈরির পর ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা বরাদ্দ দেয়া হবে।
রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
সাউন্ডবক্স বিতরণ
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর সদর উপজেলাধীন ১৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ডবক্স বিতরণ করা হয়েছে। রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার সাউন্ডবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, উপজেলা প্রকৌশল শামসুল আরেফীন খান প্রমুখ।