ইনানীতে খাল দখল করে তৈরি হচ্ছে হোটেল

কক্সবাজার দ্বিতীয় বৃহত্তম পর্যটন স্পট ইনানীর জোয়ার-ভাটার খাল দখল করে হোটেল-মোটেল, গেস্ট হাউজসহ বিভিন্ন স্থাপনা তৈরি করছে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। পর্যটক মন্ত্রণালয় ইনানী মেরিন ড্রাইভের উভয় পার্শ্বে কোন প্রকার স্থাপনা তৈরি না করার নির্দেশ দেয় । পাশাপাশি জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে ইনানীসহ আশে-পাশের কয়েকটি মৌজার জমি-জমা রেজিস্ট্রি না করার জন্য পরিপত্র প্রেরণ করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে। সোমবার সরেজমিন ইনানী ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে কতিপয় প্রভাবশালী সিন্ডিকেট ইনানী এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মণের পাঁয়তারা চালাচ্ছে। স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চ পর্যায়ের দোহাই দিয়ে অপরিকল্পিত স্থাপনা তৈরির ফলে পরিবেশ বিপন্ন হওয়ার আশংকা করা হচ্ছে।