দুর্বৃত্তের আগুনে পুড়ল আজম আলীর স্বপ্ন
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:২৬
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা গ্রামে মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে আজম আলী নামে এক ব্যক্তির টেম্পো পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেয়া টেম্পুটির আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত টেম্পো মালিক ও ড্রাইভার আজম আলী জানান, আমি প্রতিদিনকার মত আমার বাড়িতে টেম্পো রাখার জায়গা না থাকায় বাড়ি থেকে ২/৩শ গজ পশ্চিমে নলূয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা এলাকায় আমার বোনের বাড়ির উঠোনে টেম্পোটি রেখে বাড়ি চলে আসি। রাত সোয়া ৩টার দিকে স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ৫/৬ জন যুবক টেম্পোটি পুড়িয়ে দিয়ে পূর্ব দিকে বিলের মধ্য দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তিনি বলেন, কয়েকবছর ধরে পার্শ্ববর্তী এক ব্যক্তির সাথে ভিটে-বাড়ি সংক্রান্ত মামলা চলে আসছিল। তারা গত এক মাস আগে আমাকে মোবাইলে ও সরাসরি মেরে ফেলার হুমকি দেয়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার তারা আমাকে মেরে ফেলার জন্য আসছিল। আমাকে না পেয়ে আমার উপার্জনের একমাত্র অবলম্বনটি পুড়িয়ে দিয়েছে।