ঢাকা-না’গঞ্জ সড়কে অবৈধ ট্রাক সরিয়ে ফেলার নির্দেশ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়ক আকস্মিক পরিদর্শন করেন। এ সময় বিশৃংখলভাবে রাস্তার পাশে ট্রাক রাখার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এক সপ্তাহের মধ্যে ওই সড়কের পাশে রাখা অবৈধ ট্রাক সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়ক পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, কয়েকমাস পর ঈদ আসছে। ঈদে ঘরমুখী মানুষ যাতে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন, এ কারণেই বিকল্প রাস্তা হিসাবে সরকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এবং ঢাকা-চট্টগ্রাম-বাবুবাজার সড়কের সংস্কার করবে। সড়ক পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের এডিশনাল চিফ হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আযম প্রমুখ।